ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।  তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।


বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।


ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।


প্রস্তাবিত সূচি অনুযায়ী, সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হতে পারে। তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। 

ads
ads
ads

Our Facebook Page

↑